২৮ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): একটানা ৩৬ ঘন্টার পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে রংপুরের পরিবহন ব্যবস্থা। সকাল ছয়টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। মহাসড়কে থ্রি হুইলার নসিমন করিমন সহ লাইসেন্সবিহীন ও অবৈধ যানবাহন চলাচলের প্রতিবাদে জেলা বাস ,মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস সমিতি যৌথভাবে এই ধর্মঘটে ডাক দিয়েছে, ফলে রংপুরের বিভিন্ন টার্মিনাল থেকে কোন বাস মাইক্রোবাস ট্রাক রংপুর ছেড়ে যায়নি। এদিকে রংপুরের বিএনপির নেতারা অভিযোগ করেছেন তাদের আগামীকালের বিভাগীয় মহাসমাবেশে জনসমাগম ঠেকাতে এই ধর্মঘট দেওয়া হয়েছে। তারা বলছেন ধর্মঘট সত্ত্বেও বিএনপি’র শনিবারের মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীরা যেকোন মূল্যে সমাবেশে যোগ দিবেন। শনিবার বেলা দুইটায় রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপি’র বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি সফল করতে স্থানীয় নেতাকর্মীরা রাতদিন কাজ করছেন।
রংপুরে ৩৬ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু
