ধামরাই ও সাভারসহ সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে উল্টো রথযাত্রা

২৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :সারাদেশের ন্যায় আজ সাভার ও ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা। এই উৎসবকে কেন্দ্র করে ধামরাই ও সাভারের রথমঞ্চ এলাকা এখন ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। মাসব্যাপী কুটির শিল্প ও রথমেলা প্রাঙ্গণেও বইছে উৎসবের আমেজ।
এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী চার শ বছরের পুরনো ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের উল্টো রথযাত্রা উপলক্ষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন।


যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক জানিয়েছেন, ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শেষ হচ্ছে এবারের রথ উৎসব।
এদিকে, সাভারেও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে কানাইলাল জিউ বিগ্রহ,কাজী মোকমাপাড়ার গোপাল জিউ বিগ্রহের ও দক্ষিণ পাড়ার গোপীনাথ জিউ ঠাকুরের উল্টো রথযাত্রা। সাভারের কাজী মোকমাপাড়ার গোপাল জিউ বিগ্রহের উল্টো রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন এবং নামাবাজার বড় মন্দিরের রামকৃষ্ণের পঞ্চবটি আশ্রমের রথ যাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা জেলা প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। শ্রীশ্রী কানাইলাল জিউ বিগ্রহ ইসকন মন্দিরের সাধারন সম্পাদক নিতাই দয়াল দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন রামকৃষ্ণের পঞ্চবটি আশ্রমের সভাপতি বৈদ্যনাথ সাহা, প্রদীপ কুমার দাস ও শ্রী সত্য রঞ্জন বাড়ৈ প্রমুখ।
আয়োজকদের প্রত্যাশা, বরাবরের মতো এবারও দেশ-বিদেশের অগণিত ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে এই মিলনমেলা সফল হবে। ধর্মীয় আচার ছাড়াও এই উৎসব অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য নিদর্শন। ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এবং এই আনন্দ উৎসবে অংশ নিতে দেশ-বিদেশের সকল ভক্ত ও দর্শনার্থীকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি ।

Related posts

Leave a Comment