ষ্টাফ রিপোর্টার,৬ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ):”খেলাধুলা করলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে এবং যুবসমাজ মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকে”এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ের দেপাশাই নয়াপাড়া একতা সংঘের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মাদকবিরোধী প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।
উদ্বোধনী ম্যাচে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইবেকারে এস কে সালমান একাদশকে পরাজিত করে জয়লাভ করেছে রিফাত লায়ন্স ক্লাব।
পুরস্কার বিতরনী সভাপতিত্ব করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি অধ্যক্ষ এম এ জলিল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আজকের তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি মাঠে খেলাধুলা চালিয়ে গেলে যুবসমাজ মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থাকবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হক বলেন, “মাদক সমাজকে পঙ্গু করে দেয়। যুবসমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করতে হবে। এসডিআই সবসময় এমন সুন্দর ও ইতিবাচক সামাজিক উদ্যোগের পাশে রয়েছে।”
টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন, ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, “ধামরাইয়ের মাটি খেলাধুলাপ্রিয় মাটি। দেপাশাই নয়াপাড়া একতা সংঘের এই মাদকবিরোধী ফুটবল আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার দপ্তর সম্পাদক আকব আলী বলেন, “মাদকবিরোধী এমন টুর্নামেন্ট গ্রামবাংলার যুবসমাজকে সুস্থ ধারার প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করবে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে স্থানীয় যুবকদের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।”
ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রবিন তার বক্তব্যে বলেন, “খেলাধুলা মানেই শৃঙ্খলা ও সম্প্রীতি। যুবসমাজকে খেলাধুলামুখী করে গড়ে তুলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মোতালেপ বলেন, “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলা সবচেয়ে বড় মাধ্যম।”
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ শহীদুল্লাহ, যিনি এলাকার উন্নয়নে যুবকদের এই ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
টুর্নামেন্ট সফল করতে দিনরাত পরিশ্রম করেছেন আয়োজক কমিটির অন্যতম প্রধান ব্যক্তিবর্গ মোঃ সেলিম, মোঃ জাকারিয়া এবং মোঃ ছামাদ খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী যুবকরা।
উদ্বোধনী এই ম্যাচটি উপভোগ করতে ধামরাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন। টানটান উত্তেজনার এই খেলায় ট্রাইবেকার পর্যন্ত গড়া লড়াইয়ে শেষ পর্যন্ত এস কে সালমান একাদশকে হারিয়ে রিফাত লায়ন্স ক্লাব বিজয়ী হওয়ায় দর্শকদের মাঝে বাঁধভাঙা উল্লাস দেখা যায়।
