স্টাফ রিপোর্টার,৩১ ডিসেম্বর ২০২৫ (বিবিনিউজ) :ঢাকার সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন–-২০২৫।
মঙ্গলবার সাভার সেনানিবাসে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত কোর অব মিলিটারী পুলিশের অধিনায়কগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি কোর অব মিলিটারী পুলিশের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।
একই সঙ্গে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব মিলিটারী পুলিশের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারী পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা ও দেশমাতৃকার সেবায় এ কোরের অবদানের কথাও তুলে ধরেন সেনা প্রধান।
এছাড়াও আন্তর্জাতিক পরিমন্ডলে কোর অব মিলিটারী পুলিশের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তিনি এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, এ্যাডজুটেন্ট জেনারেল, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়াসহ সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিএমপি ইউনিটের অধিনায়কগণ ও গণমাধ্যমকর্মীরাও সম্মেলনে অংশ নেন।
ঢাকার সাভারে কোর অব মিলিটারী পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত
