১৩ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):মাওনা-ফুলবাড়িয়া, কালিয়াকৈর-ধামরাই, নবীনগর (ঢুলিভিটা) মহাসড়ক প্রশস্থকরণ ও মজবুতিকরণ প্রকল্পের অধীনে মানিকগঞ্জ সড়ক বিভাগাধীন ঢাকার ধামরাইয়ের শরীফবাগ, ডেমরান ও বেনীপুর সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ডাকবাংলোতে ভার্চুয়ালী এই সেতু ৩টির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় ধামরাইয়ের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে ৭২টি সেতুর কাজ শেষ হয়েছে, সকল বেইলি সেতুর কাজ শেষ করা হবে। আগামী বছর পদ্মা সেতুর কাজ শেষ হবে, আরো শেষ হবে বঙ্গবন্ধু ট্যানেল। ঢাকা জোনের মধ্যে সেতুর ৩ কিলোমিটার রাস্তা পানির নিচে ডুবে থাকে, সেই সমস্যা অতি দ্রুত সমাধান করা হবে। সড়ক নিরাপত্তার বিষয়ে দ্রুত কাজ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, এ বছর ৪৫ পার্সেন্ট এর উপর সড়ক দূর্ঘটনা বেড়েছে। ছোট ছোট যানবাহন ইজিবাইক, হ্যালো বাইক, মোটরসাইকেলের গতির কারনে সড়ক দূর্ঘটনা বেড়েছে। মোট ২২ টি সড়কে বেড়েছে দূর্ঘটনা। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে। বিশ্বব্যাংক যদি রাস্তার নজরদারিতে অর্থ দিতে দেরি করে তাহলে নিজেদের জি ও ফান্ড থেকে রাস্তার নিরাপত্তায় অর্থ ব্যয় করা হবে।
এসময় ধামরাইয়ের অসমাপ্ত কাজের কথা তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এবং সেই সাথে পৌরসভার ড্রেইনেজ সমস্যার কথা তুলে ধরেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। এছাড়া সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুস সবুর, মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম তাদের ভার্চুয়াল বক্তব্যে বলেন, গাজীপুর ও মানিকগঞ্জ সড়ক বিভাগের অধীনে আজ মোট ৯ টি সেতুর উদ্বোধন করা হয়। মোট ৪৩ কোটি ৪১ লক্ষ ১১ হাজার টাকা ব্যয়ে ধামরাইয়ের ডেমরান,শরীফবাগ ও বেনীপুর সেতু ৩ টি তৈরি করা হয়।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌরমেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস-উল-হাসান মারুফ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেমায়েত কবির মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন মুক্তা প্রমুখ।
সেতু ৩ টির উদ্বোধন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপস্থিত সকলের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
