দিয়া ইসলাম , সাভার : সাভারে একটি ট্রান্সফরমার তৈরির কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ওই কারখানায় সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটপাট করেছে।
সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় ইউনাইটেড জেনারেল ইলেকট্রনিক্স কারখানায় শনিবার ভোর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
কারখানার ম্যানেজার রোকনুজ্জামান বলেন, ভোর রাতে ওই কারখানার ভিতরে ২০/২৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে কারখানার ৯ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে সবাইকে একটি রুমের মধ্যে আটকিয়ে রেখে মারধর করে। এরপর তারা কারখানার ট্রান্সফারমার তৈরির মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটপাট করে ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।
ডাকাতরা এ সময় ওই কারখানার ৯ জনের বেতনের প্রায় নগদ এক লক্ষ ৮০ হাজার টাকাও লুটপাট করে। পরে সকালে কারখানার কাজের গৃহকর্মী এসে সবাইকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ডাকাতি হওয়া মালামাল বা এর সাথে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওই কারখানার পরিচালক এমদাদুল হক জানিয়েছেন, ডাকাতি হওয়ার ঘটনায় আমরা এখন আতঙ্কে আছি।
বিষয়টি তদন্ত করে ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্য মোহসিনুল কাদির। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
